হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার দীঘলবাক ইউনিয়ন এর নগরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরকান্দি গ্রামের আব্দুল হেকিম ওরফে ছানু মিয়া (৪০) অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে এক্সকাভেটর ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করছিলেন। এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, “কৃষিজমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি আইন অমান্য করে এ ধরনের কাজ করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
