রোববার বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত প্রচারণা কর্মসূচি না করেই ঘটনাস্থল ত্যাগ করতে হয় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে।
স্থানীয় সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেওলগাঁও গ্রামে যান তাহেরী। তাঁর গাড়িবহর গ্রামে পৌঁছানোর পর সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রচারণা চালাতে বাধা দেন। এ সময় তারা বিএনপির প্রতীক ‘মোমবাতি’ স্লোগান দেন এবং প্রচারণা না চালানোর জন্য বলেন।
ঘটনাস্থলে বিএনপির হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট বিএনপি নেতাকর্মীদের হাতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাহেরী প্রচারণা না করেই স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “নির্বাচনের সময় অনেক কিছুই ঘটে। এটা একটি ভুল বোঝাবুঝি।”
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশকে কেউ অবগত করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
