মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখলা-কমলপুর সড়ক সংস্কার কাজে কেটে রাখা মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে রাস্তার পাশ থেকে এসব মাটি সরিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কমলপুর গ্রামের রুবেল মিয়া এবং নাজিরপুর গ্রামের কালা মিয়া ট্রাক্টরের মাধ্যমে রাস্তার পাশের মাটি কেটে নিয়ে বিক্রি করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তিনি বলেন, রাস্তার মাটি কাটার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে কালা মিয়া বলেন, তিনি শুধু ট্রাক্টর চালক হিসেবে কাজ করেন; মাটি কাটার বিষয়ে তিনি জড়িত নন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
