মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ৫৫ বিজিবি ব্যাটালিয়নের রাজেন্দ্রপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ১০ মার্চ রাত ১২টার দিকে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে চোরাকারবারীরা ভারত থেকে ৫টি গরু এনে জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করে।

জব্দ করা মদ ও গরুগুলো আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন