অলিপুরে প্রাণ কোম্পানীতে কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক কর্মকর্তার বিরুদ্ধে দুই শ্রমিককে অফিসে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) জাহিদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে দুই শ্রমিককে দাঁড় করিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছেন তিনি। ভিডিওতে দুই শ্রমিককে অসহায় অবস্থায় মার খেতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই শ্রমিকদের প্রতি এমন আচরণকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিভিন্ন সময় শ্রমিকদের সঙ্গে অসদাচরণ, মারধর ও নানা অনিয়মের অভিযোগ উঠলেও অধিকাংশ ঘটনাই প্রকাশ্যে আসে না। সাধারণত বড় ধরনের দুর্ঘটনা বা গুরুতর কোনো ঘটনা ঘটলেই তা আলোচনায় আসে বলে দাবি স্থানীয়দের। এমন খবরও আছে প্রাণ কোম্পানীতে কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আবার রহস্যজনক কারণে মৃত্যু হলে কোনো ক্ষতিপূরণ দেয়া হয় না। সামান্য কিছু টাকা দিয়েই দায় এড়িয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে প্রাণ কোম্পানির প্রশাসন বিভাগের কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “এটি নির্যাতনের কোনো ঘটনা নয়। এটি মূলত সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণের অংশ হিসেবে করা হয়েছিল। তবে কীভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি খতিয়ে দেখা হবে।” এদিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছে, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


শেয়ার করুন