সংস্কারের অভাবে মরছে খোয়াই ॥ উদ্ধার হলে বদলে যেতে পারে চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা এলাকার পরিত্যক্ত ‘মরা খোয়াই’ নদীটি একসময় ছিল ব্যস্ত ও প্রাণচঞ্চল। সময়ের ব্যবধানে নদীটি এখন মৃতপ্রায় জলাভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নদীর অনেক অংশ ভরাট হয়ে গেছে এবং দুই পাশের জমি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে। তবে স্থানীয়দের মতে, সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগ নেওয়া হলে এই নদীকে ঘিরেই গড়ে তোলা সম্ভব একটি আধুনিক পর্যটন ও বিনোদনকেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর দুই পাশে প্রায় সাত একর জায়গা দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। 

এলাকাবাসীর ধারণা, এখানে হাঁটার পথ, দৃষ্টিনন্দন লেক, বসার স্থান, ছায়াঘেরা পার্ক, শিশুদের খেলার জায়গা, নৌ-ভ্রমণের ব্যবস্থা এবং ছোট ফুডকোর্ট নির্মাণ করা হলে এটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে রূপ নিতে পারে। বর্তমানে নদীতে অবাধে ফেলা হচ্ছে গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিকজাত সামগ্রী। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় জলাবদ্ধতার সমস্যাও দেখা দেয়। পরিবেশ সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে এই প্রাকৃতিক জলাধার একসময় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। এর আগে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নদীর একটি অংশ থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছিল। তবে প্রয়োজনীয় অর্থায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সেই উদ্যোগ স্থায়ী হয়নি। চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মরা খোয়াই নদীটি শুধু একটি পরিত্যক্ত জলাধার নয়, এটি চুনারুঘাটের অন্যতম সম্ভাবনাময় স্থান হতে পারে। পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এখানে একটি পর্যটন করিডোর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে পৌরসভা থেকে একটি প্রাথমিক নকশা ও প্রস্তাবনা তৈরির কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ছোটবেলায় আমরা এই নদীতে গোসল করতাম, নৌকাও চলত। এখন নদীর অবস্থা দেখে খুব খারাপ লাগে। যদি এখানে পার্ক, হাঁটার রাস্তা ও বসার জায়গা করা হয়, তাহলে মানুষজন আসবে এবং এলাকার ব্যবসাও বাড়বে। কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, চুনারুঘাটে তরুণ-তরুণীদের সময় কাটানোর মতো তেমন কোনো ভালো জায়গা নেই। নদীটি আধুনিকভাবে সাজানো হলে এটি একটি সুন্দর বিনোদনকেন্দ্র হতে পারে। 

পৌরসভার সহকারী প্রকৌশলী টিটন দাশ জানান, প্রাথমিকভাবে নদী পুনঃখনন, কচুরিপানা অপসারণ, দুই পাড় শক্তিশালীকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সবুজায়নের পরিকল্পনা নেওয়া যেতে পারে। পর্যায়ক্রমে এখানে হাঁটার পথ, বসার স্থান, নৌ-ভ্রমণের ব্যবস্থা এবং একটি ইকো-পার্ক গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। এ জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে পরিবেশবান্ধব ও আকর্ষণীয় পর্যটন এলাকায় পরিণত করার পরিকল্পনা রয়েছে। চুনারুঘাট পৌরশহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মরা খোয়াই নদীকে কেন্দ্র করে একটি আধুনিক পর্যটন ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে অবহেলায় পড়ে থাকা ‘মরা খোয়াই’ নদীই একদিন চুনারুঘাটের নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠতে পারে।


শেয়ার করুন