হবিগঞ্জে ৪ আসনেই বিএনপি প্রার্থীদের জয়

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রের বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
 
হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত জেলার সবকটি আসনেই বিএনপী মনোনীত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমীন ও বাহুবলের সহকারী রিটার্নিং অফিসার লিটন চন্দ্র দে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ৪ লাখ ৬১ হাজার ২৮৯ ভোটারের হবিগঞ্জ-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, রেজা কিবরিয়া নবীগঞ্জে ৭২ হাজার ৫৯৪ ও বাহুবলে ৩৮ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় ঐক্যের মনোনীত মাওলানা সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৪৬২ ভোট ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীকে ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীকে ৬৩৯ ভোট পেয়েছেন। এখানে ভোট প্রদানের ৪৫.৮৯ শতাংশ।

হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।


হবিগঞ্জ -৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ১৩৭ কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে বিএনপি প্রার্থী জিকে গউছ (ধানের শীষ) ৩৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা) পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। এখানে ভোট প্রদানের ৪৯.১৫ শতাংশ।

হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ১৮৩ কেন্দ্রের মধ্যে ৭৯টির প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল (ধানের শীষ) ৮০ হাজার ৪০৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি) পেয়েছেন ৩১ হাজার ২৯৪ ভোট। এখানে ভোট প্রদানের ৫৩.৫ শতাংশ। মোট ভোট প্রদান করা হয়েছে  ৪৯.১৫ শতাংশ।


শেয়ার করুন