বানিয়াচংয়ে কৃষকদলের সভাপতিকে প্রকাশ্যে লাইভে এসে হত্যার হুমকি

বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বজলু মিয়ার ছেলে ৯নং পুকড়া ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোঃ হেলাল মিয়া জানান, একই এলাকার মৃত তাজু মিয়া ছেলে ইতালি প্রবাসী রাসেল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। উল্লেখ্য গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটে রাসেল মিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে মোঃ হেলাল মিয়াকে হত্যার হুমকি প্রদান করেন। লাইভে তিনি আরও বলেন যে, বিগত কিছুদিন ধরে তিনি তার সহযোগীদের নিয়ে হেলাল মিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে খোঁজাখুঁজি করেছেন এবং ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হত্যা করার পরিকল্পনাও করেছিলেন। তবে হেলাল মিয়া বাড়িতে উপস্থিত না থাকায় তাকে হত্যা করতে না পারায় তিনি আফসোস প্রকাশ করেন। এছাড়াও লাইভ ভিডিওতে তিনি তার সহযোগী গ্যাং সদস্যদের নাম উল্লেখ করে সংঘবদ্ধভাবে হত্যার পরিকল্পনা করেন  এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মোঃ হেলাল মিয়া ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হেলাল মিয়া বলেন, “আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।” তিনি আরও জানান, উক্ত ঘটনার ভিডিও প্রমাণ, স্ক্রিনশট ও একাধিক প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, যা তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করা হবে।

নাম প্রকাশ্যে অনিশ্চুক একজন এলাকাবাসী জানান সে এর আগে ও ফেইসবুকে প্রকাশ্যে দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে ভিডিও প্রকাশ করেন যার কারণে এলাকার মানুষ আতংকে রয়েছে।  এলাকার অনেকেই মনে করেন জেলায় সদ্য ভাইরাল হওয়ার কিশোর গ্যাং এর সাথে তার যোগসাযোক থাকতে পারে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রকাশ্য হুমকি ও সহিংসতার ইঙ্গিত সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, যা কঠোর আইনগত ব্যবস্থার মাধ্যমে দমন করা প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন