রবিবার (১২ এপ্রিল) বিকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জি কে গউছ আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুদসহ ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। তাঁরই সুযোগ্য সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করেছেন।
তিনি বলেন, এ বছর আউশ ধানের বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষির উন্নয়নে সারাদেশের মতো লাখাই উপজেলাতেও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব খাল এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদান শুরু হয়েছে। অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রেও ভাতা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রণোদনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ মিয়া এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কে এম জিয়া মেম্বার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৬ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
