মাধবপুরে সোনাই নদীর পাড় কেটে অবৈধভাবে চলছে মাটি-বালু বিক্রি

মাধবপুর উপজেলার মনহোরপুর এলাকায় সোনাই নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মনহোরপুর গ্রামের ল্যাংড়া মেস্তরির বাড়ি সংলগ্ন এবং হযরত আমিন শাহ (রহ.) মাজারের উত্তর পাশে নদীর পাড় কেটে দীর্ঘদিন ধরে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের মাধ্যমে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে দিন দিন নদী পাড় ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন