হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আলহাজ¦ জি কে গউছ, হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসনের পক্ষে এবং পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন পুলিশ প্রশাসনের পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় হবিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ মানুষ ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। বেলা ১০টা ৩০ মিনিটে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

বাদ যোহর/সুবিধাজনক সময়ে ভাষা শহিদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

এ ছাড়াও নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণসহ হবিগঞ্জ শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে  পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে ভাষা আন্দোলন, মহান শহিদ দিবস এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রামাণ্য অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


শেয়ার করুন