মাধবপুরে নির্বাচনী ছুটি নিয়ে নাহিদ কোম্পানির তালবাহানা, অবশেষে রাস্তা অবরোধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলায় অবস্থিত নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি না দেওয়ায় আন্দোলনে নামেন। অভিযোগ রয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ ছুটি দেওয়ার বিষয়ে তালবাহানা শুরু করে।

৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টার দিকে ছুটির দাবিতে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং রোগীবাহী গাড়িসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কোম্পানি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বারবার আশ্বস্ত করলেও শ্রমিকরা তা মানতে রাজি হননি। শ্রমিকদের অভিযোগ, মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টা করা হচ্ছিল। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় শ্রমিকরা আন্দোলন থেকে সরে দাঁড়ান।

এরপর আন্দোলনকারীদের কোম্পানির ভেতরে ডেকে গত মাসের বেতন দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেন কোম্পানির সহকারী ম্যানেজার মনজুরুল হক। শ্রমিকরা জানান, কোম্পানি তাদের কোনো সরকারি দিবস— স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কোনো ছুটিই দেয়নি। কথা বললে চাকরি থাকবে না বলে হুমকি দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলেন নির্বাচনী ছুটি চাওয়া কি আমাদের অপরাধ? কোন আইনের বলে সহকারী ম্যানেজার মনজুরুল হক আমাদের গত মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করার হুমকি দেন? বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যৌক্তিক আন্দোলনের কারণে এ ধরনের হুমকি দেওয়া কি বৈধ? দমক দিয়ে কথা বলে শ্রমিকদের চাকরিচ্যুত করা কি ন্যায়সঙ্গত?



শেয়ার করুন