বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ট্রাক জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর চা বাগান ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হামিদনগর ও রাঘবপুর এলাকায় চা বাগান ও কৃষি জমি থেকে অবৈধভাবে উত্তোলিত বালু লোডিং করার সময় বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ট্রাকের চালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি মুচলেকায় স্বাক্ষর করেন।

অভিযানটি পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম।

এ সময় আনুমানিক ৪৫০ ঘনফুট বালু জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় বিজিবির একটি টিম সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও সরকারি জমি সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



শেয়ার করুন