হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগ ও সংঘবদ্ধ গাছ চোর চক্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বন বিভাগ সূত্র জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে নিশ্চিন্তপুর এলাকার খইয়াইছড়া ও বৈরাগীর টিলা সংলগ্ন স্থানে ১৫ থেকে ২০ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটা শুরু করে। খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় গাছ চোররা বন বিভাগের সদস্যদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরাও পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে গাছ চোরদের ফেলে যাওয়া প্রায় ৪০ টুকরা সেগুন ও আকাশমনি গাছ উদ্ধার করা হয়।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
