জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির শর্ত মানবে না, সেসব কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। এ ক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার ও বুধবার তিনি হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ৮টি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেন।
ভিসি বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিংবা চাকরির বাজারের চাহিদা বিবেচনা না করে শিক্ষকরা শুধু নিজেদের পছন্দের বিষয়ে অধিভুক্তির চেষ্টা করেন, যা কাম্য নয়। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ, সিএসইসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে দক্ষ জনবলের সংকট রয়েছে। অথচ এসব বিষয়ে অধিভুক্তির আবেদন তুলনামূলকভাবে কম।
তিনি আরও বলেন, অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় না। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যাগুলো জানা যায় না এবং সেগুলোর সমাধানও সম্ভব হয় না। ফলে সমস্যাগুলো দিন দিন প্রকট আকার ধারণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়ন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যেকোনো উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশে থাকবে।
খবর বিভাগঃ
শিক্ষা
