হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুনারুঘাট উপজেলার মধ্য ডোলনা গ্রামের একটি আকাশমনি গাছের বাগানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১২টা ১০ মিনিটে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের কাউকে আটক করা না গেলেও বাগানের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে তিনটি পোটলায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
