লেস্টার সিটির মেডিকেল রুম এখন কার্যত খেলোয়াড়দের ভিড়ে ঠাসা। অন্তর্র্বতী কোচ অ্যান্ডি কিং যখন দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই বড় ধাক্কা হয়ে এল সহ-অধিনায়ক হামজা চৌধুরীর চোট। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ শেষে তাঁকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়, যা ফক্স সমর্থক তো বটেই। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।
হাঁটুর চোট গুরুতর হওয়ায় এ সপ্তাহেই হামজার স্ক্যান হওয়ার কথা। তবে গুঞ্জন আছে এই চোট তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। কোচ অ্যান্ডি কিং সরাসরিই সেই শঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচের পর আমি চৌধুরীকে হাঁটুর ব্রেস পরে দেখেছি। আর মনে হচ্ছে এটা দ্রুত সেরে ওঠার মতো কিছু নয়।’ঠিক কবে নাগাদ হামজা সেরে উঠবেন তা এখনো নিশ্চিত নন। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টারের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে। চোটের স্ক্যান রিপোর্টেই জানা যাবে হামজা কত দিন মাঠের বাইরে থাকবেন।
দৈনিক হবিগঞ্জের আয়না/আপন
খবর বিভাগঃ
খেলাধুলা
