এ সুযোগে মাটি ও বালু খেকোরা উপজেলার হরিতলা, মিরপুর এলাকা, নতুন বাজার, মহাশয়ের বাজার লামাতাসী, দক্ষিণ হিলালপুর, ফতেহপুর, শেওড়াতুলী, উত্তরসূর, পুরান মৌড়ি, শংকরপুর ও কালাখারৈলসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবাধে চালিয়ে যাচ্ছে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা ও বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক শূন্যতার সুযোগে প্রভাবশালী একটি চক্রটি বেপরোয়াভাবে ফসলি জমি, টিলা ও সরকারি খাস জমি থেকে মাটি ও বালু উত্তোলন করে লুটে নিচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, রাত ১০টার পর থেকে ভোর রাত পর্যন্ত কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক-ট্রাক্টরে ভরে ইটভাটাসহ বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এতে কৃষি জমির টপ সয়েল তুলে নেওয়ায় উর্বরা শক্তি বিনষ্টসহ পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি রাতেই যন্ত্রদানবের বিকট শব্দে এলাকার মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারছেন না। বিশেষ করে দুই তিন ধরে মাটি ও বালুবাহী যন্ত্রদানবের তান্ডব রাতে বাহুবলের নিস্তব্ধতা ভেঙে পরিবেশকে বিষিয়ে তুলছে। এনিয়ে বাহুবলের অনেক সচেতন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া তুলে ধরছেন। কৃষি ও পরিবেশ বিপর্যয়কারী অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর দৃষ্টিভঙ্গি ব্যক্ত করছেন।
কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ড্রামট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে গ্রামের কাঁচা ও পাকা সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইটের সলিং উঠে গেছে, আবার অনেক স্থানে সড়কের পাশ ধসে পড়ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষজ্ঞদের মতে, অবাদে মাটি কাটা ও বালু উত্তোলনের ফলে এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে। নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরতা এবং হুমকির মুখে পড়ছে বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা। এক কথায় এটি বড় ধরনের ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে।
