হবিগঞ্জে যৌথ অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

শুক্রবার রাতে র‌্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন চিলমারী উপজেলা (কুড়িগ্রাম জেলা) এলাকার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আলমগীর মিয়া (৪২) এবং টঙ্গিবাড়ী উপজেলা

(মুন্সিগঞ্জ জেলা) উপজেলার চাষীবালিগাও গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে ইসমাইল বেপারি (৪২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ব্রাহ্মনডোরা ইউনিয়ন এর অলিপুর এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অবৈধ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিকস, অলিভ অয়েল এবং ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৯

সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা।


শেয়ার করুন