গতকাল বৃষ্টির সময় সড়কের ওপর পড়ে থাকা মাটির কারণে পিচ্ছিল হয়ে পড়ে রাস্তা। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেল আরোহী আহত হন বলে স্থানীয়রা জানান। সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী অনেকেই জানান, প্রতিদিন মাটিবোঝাই ট্রাক্টর চলাচলের ফলে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ট্রাক্টর থেকে পড়ে থাকা মাটির কারণে ধুলাবালিও সৃষ্টি হয়, যা পথচারী ও ব্যবসায়ীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন সড়ক কাদামাটিতে ভরে যায় এবং যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় মোটরসাইকেল ও ছোট যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাদের দাবি, অবিলম্বে এ সড়কে মাটিবোঝাই ট্রাক্টরের অবাধ চলাচল বন্ধ করতে হবে এবং যারা নিয়ম ভঙ্গ করে সড়কে মাটি ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কটি সংস্কারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি সড়কে মাটি ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে থাকবে।
