সব সময় মানুষের পাশে থেকে উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব -এমপি ডা. জীবন

ঢাকায় আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের উদ্যোগে আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),  ঢাকার সোশ্যাল গার্ডেন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এসময় বলেন- আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের ভালোবাসা ও আস্থার মাধ্যমে আজমিরীগঞ্জ-বানিয়াচংবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন- আজমিরীগঞ্জ ও বানিয়াচং আমার প্রাণের এলাকা। এই জনপদের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটিকে আমানত হিসেবে গ্রহণ করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব সময় মানুষের পাশে থাকব এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব সময় মানুষের পাশে থাকব, যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা থাকলে আমরা সবাই মিলে আমাদের এই জনপদকে আরও এগিয়ে নিতে পারব। তিনি এই সুন্দর আয়োজনের জন্য আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন- এই আয়োজন শুধু সম্মান নয়, বরং আমাদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর নিদর্শন। ঢাকাস্থ আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সভাপতি জয়ন্ত দেব মাধবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকাস্থ আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের উপদেষ্টা বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান ও এসোসিয়েশনের উপদেষ্টা সাইফুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মুছা খান। স্বাগত বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ বাচ্চু। এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাঃ শাহীন রেজা চৌধুরী, মাহবুবুল আলম মালু, জাকির হোসেন, জনাব রিপন কবির লস্কর, জনাব মোঃ সেলিম উদ্দিন,  জনাব আলফাজ উদ্দিন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন মিয়া, মোঃ শাহআলম, আইনুল হক রেজা, খালেদুর রশিদ ঝলক, আকাদ্দস হোসেন ও মশিউর রহমান চৌধুরী প্রমুখ। সভা শেষে সাবেক আইজিপি ও সচিব মরহুম মোদাব্বির হোসেন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন