চুনারুঘাটে দুর্নীতির অভিযোগে ডেপুটি রেঞ্জার আশিকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

হবিগঞ্জ বন বিভাগের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) আশিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তার প্রত্যাহারের দাবিতে চুনারুঘাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায়  এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেপুটি রেঞ্জার আশিকুর রহমানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চুনারুঘাট কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা। চুনারুঘাট কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মীর সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

সমাবেশে কাঠ ব্যবসায়ী শফিক মিয়া মহালদার অভিযোগ করে বলেন, গত ৫ মার্চ বিকেলে ডেপুটি রেঞ্জার আশিক পুলিশ নিয়ে গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রাম থেকে একটি ট্রাক্টর আটক করেন। আটক করা গাছগুলো তার হলেও ব্যক্তিগত আক্রোশের কারণে শানু মিয়া নামে এক প্রতিবন্ধী নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, পরে ২৫ হাজার টাকার বিনিময়ে ট্রাক্টর ও চালককে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। কাঠ ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া বলেন, দুর্নীতিবাজ ও ঘুষখোর ডেপুটি রেঞ্জার আশিক মিয়া সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন। নিরীহ প্রতিবন্ধী শানু মিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় কাঠ ব্যবসায়ী নাসির মিয়া অভিযোগ করেন, নিয়মিত চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হয় না এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। মহালদার সোহাগ মিয়া বলেন, ডেপুটি রেঞ্জার আশিক নিজেকে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে নানা ধরনের প্রভাব দেখান এবং টাকা ছাড়া গ্রামের গাছ বিক্রি করতে দেবেন না বলেও হুমকি দেন।

গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়া অভিযোগ করে বলেন, ডেপুটি রেঞ্জার আশিক সাধারণ মানুষকে প্রতিনিয়ত মিথ্যা মামলায় হয়রানি করছেন। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ তালুকদার বলেন, নিরীহ মানুষের ওপর নির্যাতন ও দুর্নীতি বন্ধ না হলে প্রয়োজনে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিক মিয়া মহালদার বলেন, প্রশাসন যদি দ্রুত দুর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামবে। চুনারুঘাট ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ তার বক্তব্যে বলেন, ডেপুটি রেঞ্জার আশিক টাকা ছাড়া কিছু বোঝেন না এবং তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসু বলেন, কাঠ ব্যবসায়ীদের হয়রানির কারণে চুনারুঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসান বলেন, সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার করিম সরকার, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জালাল আহমেদ, ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা প্রমুখ। এসময় শতাধিক কাঠ ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন