ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘটিত সাফিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (২৮ মার্চ) রাতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, নিহত সাফিয়া বেগম (৬৮) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং চলাচলের রাস্তা নিয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে বিবাদীদের বিরোধ চলছিল। ঘটনার দিন ২০ ফেব্রুয়ারি দুপুরে সাফিয়া বেগম বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) এর যৌথ দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ ইদন মিয়া (৬০) ও তার ছেলে মোঃ মকসুদ আলি (৪০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
