টোলপ্লাজায় অভিযান: ২০ কেজি গাঁজাসহ আটক দুই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে আশুগঞ্জ থানার টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সায়েদ আহমেদ সুমন (পিতা: মো. তারা মিয়া) ও রিপক চন্দ্র ঘোষ (পিতা: গণেশ চন্দ্র ঘোষ)। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হলে সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন