মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার ॥ নারী গ্রেপ্তার

মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রতন মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১২৯ কেজি গাঁজা এবং ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন