মাধবপুরে হাসপাতালের সাবেক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বামীর পূর্বের বিয়ে গোপনের অভিযোগ, রহস্য খতিয়ে দেখছে পুলিশ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকায় সামান্তা আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জিতু মিয়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। তিনি মাধবপুরের স্থানীয় সোনাই হাসপাতালের সাবেক কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্তা আক্তার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানা বাড়িতে বড় হয়েছেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের চমক মিয়ার ছেলে সবুজ মিয়ার (৩০) সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁর বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় চান্দুর আমতলী এলাকার একটি মেডিকেল সেন্টারের শেয়ারহোল্ডার বলে জানা গেছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর সামান্তা জানতে পারেন সবুজ মিয়ার আগে আরও একটি বিয়ে ছিল এবং সেই সংসারে দুটি সন্তান রয়েছে। বিষয়টি গোপন রেখে বিয়ে করায় দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর সঙ্গে দেখা করে নিজ বাসায় ফিরে যান সামান্তা। কিছুক্ষণ পর হঠাৎ মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে স্বজনরা বাসায় গিয়ে ঘরের ভেতর সামান্তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুন