একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। কিন্তু এলাকায় কোনো স্কুল নেই। দূরের স্কুলে পাঠাতে গেলে রাস্তার কারণে অনেক কষ্ট করতে হয়। তাই অনেক সময় সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হয় না।”
স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এলাকায় নিরক্ষরতার হার আরও বাড়তে পারে।
এলাকাবাসীর দাবি, দক্ষিণ বানেশ্বর ও পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় দ্রুত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তাটি সংস্কার করা হোক।
এ বিষয়ে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করে বলেন, জনপ্রতিনিধিদের আন্তরিক উদ্যোগে অবহেলিত এই অঞ্চলের শিশুদের মাঝেও শিক্ষার আলো পৌঁছে দেওয়া সম্ভব।
সচেতন মহলের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা শুধু শিশুদের শিক্ষার সুযোগই বাড়াবে না, বরং পুরো এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
