হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে রতনপুরে উঁচু স্পিড ব্রেকার ॥ দুর্ঘটনার ঝুঁকিতে যানবাহন

শাওন গোপ : শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী সড়কের রতনপুর এলাকায় নির্মিত একটি অস্বাভাবিকভাবে উঁচু স্পিড ব্রেকারকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, ব্রেকারটি এতটাই উঁচু যে হঠাৎ করে দ্রুতগতিতে আসা যানবাহনের জন্য তা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। অনেকেই বলছেন, এখানে পর্যাপ্ত সতর্ক সংকেত বা নিরাপত্তামূলক মার্কিং নেই। ফলে দূর থেকে স্পিড ব্রেকারটি বোঝা যায় না, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। অনেকের  আশঙ্কা, হঠাৎ ব্রেক কষলে বাইকের নিয়ন্ত্রণও হারিয়ে যেতে পারে। এলাকাবাসীর দাবি, সড়ক ও জনপথ বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের তদারকি ছাড়াই এ ধরনের মানহীন স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে অতি উঁচু স্পিড ব্রেকারটি অপসারণ বা মানসম্মতভাবে পুনর্র্নিমাণের পাশাপাশি সতর্কতামূলক সাইনবোর্ড ও মার্কিং স্থাপনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


শেয়ার করুন