প্রেমের সম্পর্কে ভাঙন, মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু; ছয় দিনেও দেশে ফেরেনি মরদেহ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক প্রবাসীর মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ছয় দিন পেরিয়ে গেলেও এখনো দেশে ফেরেনি তার মরদেহ। নিহত নুরুল আমিন মান্না (২৫) উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত ১ মে মালয়েশিয়ার স্থানীয় সময় রাতে নিজ বাসা থেকে নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। পরে মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক পারিবারিক অসম্মতির কারণে বিয়েতে গড়ায়নি। এরপর থেকেই নুরুল আমিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মালয়েশিয়ায় অবস্থানরত একই এলাকার প্রবাসী সাদ্দাম মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও পুলিশ আগেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি বলেন, নুরুল আমিন অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন। এ কারণে মরদেহ দেশে পাঠাতে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে নিহতের বাবা মো. তাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের শেষ মুখটা একবার দেখতে চাই। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।” ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। স্বজনরা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন