বানিয়াচংয়ে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার বড়শি দিয়ে মাছ ধরা

বানিয়াচং উপজেলায় এক সময় বিকেল মানেই ছিল খাল-বিল, পুকুর কিংবা নদীর পাড়ে বড়শি হাতে মাছ ধরার দৃশ্য। স্কুল শেষে কিংবা অবসর সময়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ বড়শি নিয়ে  জলাশয়ের ধারে সময় কাটাতেন। এটি শুধু বিনোদনই ছিল না, গ্রামীণ জীবনের ঐতিহ্যের অংশও ছিল। কিন্তু কালের পরিবর্তনে সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। খাল-বিল ও জলাশয় কমে যাওয়া, পরিবেশ দূষণ, অপরিকল্পিত উন্নয়ন এবং আধুনিক জীবনযাত্রার কারণে বড়শি দিয়ে মাছ ধরার ঐতিহ্য দিন দিন বিলুপ্তির পথে।

উপজেলার কাজীমহল্লা গ্রামের আবদুস সাত্তার বলেন, “আগে বিকেল হলেই বড়শি নিয়ে বের হতাম, এখন সেই পরিবেশ নেই।” একই গ্রামের আমীর হোসাইন বলেন, “জলাশয় কমে যাওয়ায় দেশীয় মাছও অনেক কমে গেছে।” প্রবীণ সাংবাদিক মোশারফ হোসাইন বলেন, “বড়শি দিয়ে মাছ ধরা ছিল গ্রামীণ সংস্কৃতির অংশ, যা এখন হারিয়ে যাচ্ছে।” সমাজকর্মী এস এম মামুন জানান, “নতুন প্রজন্ম প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, জলাশয় রক্ষা জরুরি।”

স্থানীয়দের মতে, এক সময় বর্ষায় বিভিন্ন দেশীয় মাছ সহজে পাওয়া যেত এবং বড়শি শিকার ছিল উৎসবমুখর বিনোদন। বর্তমানে অনেক জলাশয় ভরাট হয়ে বসতঘর ও স্থাপনা নির্মাণের কারণে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে।

সচেতন মহল মনে করেন, দেশীয় মাছ ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় জলাশয় সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি, নইলে বড়শি দিয়ে মাছ ধরার এই ঐতিহ্য কেবলই স্মৃতিতে রয়ে যাবে।


শেয়ার করুন