স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার থেকে আতিকপুর, রাজাকোনা ও নাছিমাবাদ হয়ে গরমছড়ি পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, কাদামাটি ও ভাঙাচোরা অংশে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও কর্দমাক্ত অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। নাছিমাবাদ এলাকার বাসিন্দা মমিন মিয়া বলেন, “সড়কের এই করুণ অবস্থা অনেক দিনের। কিন্তু সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিদিন আমাদের চরম কষ্ট করে চলাচল করতে হচ্ছে।” আরেক বাসিন্দা শাহজাহান মিয়া জানান, সড়কটি পুরো অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও বর্তমানে এটি দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “কর্দমাক্ত এই সড়কটির বিষয়ে আমরা অবগত আছি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
খবর বিভাগঃ
হবিগঞ্জ
