বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের রাহুল (২২)। এর মধ্যে মোশারফ ও রাহুলকে মানবপাচারে সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৯৪/৪ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে উজ্জ্বল চন্দ্র দেবকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। একই অভিযানে মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে দালালের সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
আটকদের কাছ থেকে ৫০০ টাকা বাংলাদেশি মুদ্রা, ৩০০ ভারতীয় রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
