হবিগঞ্জ সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোররাত ৩টার দিকে হবিগঞ্জ ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীন তেলিয়াপাড়া বিওপির ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাতের অন্ধকারে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করেছে বিজিবি।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। একই সময়ে তেলিয়াপাড়া এলাকার স্থানীয় গ্রামবাসী ও চা-বাগানের শ্রমিকরা সীমান্তে এসে বিজিবির সঙ্গে অবস্থান নেন।

বিজিবির দৃঢ় অবস্থান এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা বিজিবির কার্যক্রমকে আরও কার্যকর করেছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি জানান, বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি

শেয়ার করুন