ডাম্পিং স্টেশন না থাকায় সড়কের পাশে পৌর বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ আজমিরীগঞ্জবাসী

আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিদিনের বর্জ্য গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে রয়েছে। সড়কটির সামনেই অবস্থিত একরা শিশু একাডেমি। প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অসংখ্য মানুষ এ পথ ব্যবহার করলেও ময়লার দুর্গন্ধে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়ে রাস্তার পাশেই বর্জ্য ফেলা হচ্ছে। ফলে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে এবং আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। বিশেষ করে গরম ও বৃষ্টির সময়ে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করে। তারা জানান, বর্জ্যের কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। সচেতন মহলের মতে, দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা বলেন, জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও অনেকাংশে লাঘব হবে


শেয়ার করুন