সংস্কারের অভাবে নাজুক সড়ক, চরম ভোগান্তিতে বানিয়াচংবাসী

বানিয়াচং উপজেলার ঠাকুরাইন দীঘির পাড় থেকে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওঠার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের মতে, সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাজার এলাকায় যানজট সৃষ্টি হলে বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে সহজেই আঞ্চলিক মহাসড়কে উঠতে পারে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের অনেক অংশে পিচ উঠে গেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সিএনজি চালক হাকিম মিয়া বলেন, “এই রাস্তাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারে যানজট হলে আমরা বিকল্প হিসেবে এই পথ ব্যবহার করি। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।” স্থানীয় বাসিন্দা হেকিম উল্লা বলেন, “অনেকদিন ধরে আমরা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।” এলাকাবাসী জানান, প্রতিদিন অসংখ্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও হাওরমুখী মানুষ এ সড়ক ব্যবহার করেন। বেহাল সড়কের কারণে তাদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 


শেয়ার করুন