নবীগঞ্জে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গন্ধ্যা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে আক্তার। এ সময় তার কাছ থেকে একটি ধারালো দা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা এবং বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর এক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্ত চলাকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একই চক্রের সদস্যরা পুনরায় নবীগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আক্তারকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

পুলিশের এ অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা করছেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে।


শেয়ার করুন