হবিগঞ্জ হাই স্কুলের শতবর্ষপূর্তির কনসার্ট মাতালেন শিরোণামহীন-লায়লা-সজল

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানস্থলের বাইরে থাকা চেয়ার, লাইট ও অন্যান্য আসবাবপত্র। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ৯টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে প্রবেশের বিষয়ে বহিরাগত কয়েকজনের সঙ্গে দায়িত্বরতদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উত্তেজিত কয়েকজন অনুষ্ঠানস্থলের বাইরে থাকা চেয়ার, লাইট ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। এছাড়া ব্যান্ড দল শিরোনামহীন ও সজল লায়ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। শিল্পী লায়লার পরিবেশনার সময়ই স্টেডিয়ামের বাইরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

উল্লেখ্য, শতবর্ষ পূর্তি উপলক্ষে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে রাতে আধুনিক স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। সংঘর্ষের ঘটনায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান পুনরায় চালু রাখা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানা গেছে।


শেয়ার করুন