পল্লী বিদ্যুতের ভুলে দরিদ্র পরিবারের মাথায় কোটি টাকার বোঝা

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারীর নামে চলতি মাসে প্রায় আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল ইস্যু হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত মাসে ১০০ থেকে ১৫০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা ওই পরিবার হঠাৎ ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকার বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, এত বড় অঙ্কের বিল দেখে তারা চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েন। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিলের কপির ছবি ভাইরাল হয়। একটি দরিদ্র পরিবারের নামে কীভাবে এমন অস্বাভাবিক বিল তৈরি হলো, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, তথ্য এন্ট্রির সময় সংখ্যাগত ভুলের কারণে এ বিল তৈরি হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই বিলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রাহককে প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, "কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় ভুল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিল সংশোধন করা হয়েছে। গ্রাহকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"

তবে এ ঘটনায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এ ধরনের অবহেলা সাধারণ গ্রাহকদের অযথা মানসিক চাপ ও ভোগান্তির মুখে ফেলে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিল প্রস্তুতের আগে আরও কঠোর যাচাই-বাছাই এবং তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা

শেয়ার করুন