ঈদের ছুটিতে পর্যটকের ঢল সাতছড়ি ও রেমা-কালেঙ্গায়

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্যতম দর্শনীয় স্থান সাতছড়ি জাতীয় উদ্যান। পাশাপাশি রামগঙ্গা চা বাগান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য ও গ্রিনল্যান্ড পার্কেও দেখা গেছে ভ্রমণপিপাসু মানুষের ব্যাপক সমাগম।

ঈদের ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন পর্যটকরা। পাহাড়ি টিলা, ঘন অরণ্য, বন্যপ্রাণী এবং চা বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করছে।

সরেজমিনে দেখা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড়। ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে আনন্দ উপভোগ করছেন।

কিশোরগঞ্জ থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাতছড়ি ও রামগঙ্গার সৌন্দর্যের কথা দেখে এখানে এসেছি। বাস্তবে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ।

পর্যটকদের বাড়তি উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ও চাঙ্গাভাব ফিরে এসেছে। চা-স্টল, রেস্তোরাঁ, পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যবসায়ীরা বাড়তি আয় করছেন। স্থানীয়দের মতে, পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত স্বেচ্ছাসেবক এবং টহল দল মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন