শায়েস্তাগঞ্জে গাছ কাটার অভিযোগে চোর আটক ॥ আদালতে সোপর্দ

শায়েস্তাগঞ্জ উপজেলার শালটিলা বন বিটের আওতাধীন ফুলছড়ি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। বনাঞ্চলের গাছ কাটার অভিযোগে তাকে আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে শালটিলা বন বিট কর্মকর্তা মোহাইমিনুল সানীর নেতৃত্বে বন বিভাগের একটি দল নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় ফুলছড়ি ক্যাম্পের ভেতরে কয়েকজন ব্যক্তি গাছ কাটার কাজে জড়িত থাকার বিষয়টি তাদের নজরে আসে। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে এক ব্যক্তিকে আটক করা সম্ভব হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ব্যক্তি হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাই চা বাগান এলাকার বাসিন্দা দুর্গা মুন্ডার ছেলে জাফর মিলন মুন্ডা (৩২)। বন বিভাগ জানায়, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার (১৯ জুন) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটা ও বনজ সম্পদ লুটপাট রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন