শায়েস্তাগঞ্জে প্রবাসীর স্ত্রী-সন্তানের কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিনদুপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তার ছেলে ফেরদৌস পাহিম (১৬)।

জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো সঞ্চিত অর্থ ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফিরছিলেন রাহেলা জেসমিন ও তার ছেলে। পথে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নেমে দুই ছিনতাইকারী ফেরদৌস পাহিমের গলায় ধারালো দা ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী রাহেলা জেসমিন জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকেই দুর্বৃত্তরা হয়তো তাদের অনুসরণ করছিল। তবে বিষয়টি তারা বুঝতে পারেননি। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে তিনজন এসে তাদের পথরোধ করে। তাদের মধ্যে দুইজন তার ছেলের গলায় দা ধরে টাকার ব্যাগ দাবি করে। ছেলেকে রক্ষা করতে বাধ্য হয়ে তিনি ব্যাগটি দিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন