আজমিরীগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ও বদলপুর এলাকা থেকে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলেন কাকাইলছেও গ্রামের মো. মহিবুর রহমান মেম্বারের ছেলে শাহরিয়ার ইমন (২২) এবং বদলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য হেলো মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরিয়ার ইমন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। রবিবার রাতে আজমিরীগঞ্জ থানা পুলিশের দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (৮ জুন) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় শাহরিয়ার ইমন ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে স্থানীয় সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবেদনও প্রকাশিত হয়। এছাড়া তার বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিচয়ে ভাতা গ্রহণের অভিযোগও উঠেছিল বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে শাহরিয়ার ইমন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন