আজমিরীগঞ্জ থেকে আনা ১৫ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই আটক

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাগর ও মনির একটি ব্যাগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ এলাকা থেকে খেয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন। বাজার এলাকায় তাদের আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ওপর নজরদারি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে দেখা যায়, সেগুলোতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে ওজন করে প্রায় ১৫ কেজি গাঁজা পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক রেখে ইটনা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক দুজনকে থানায় নিয়ে যায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার সহযোগিতায় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে


শেয়ার করুন