চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোঃ আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাকুরিয়া এলাকায় খোয়াই নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত মোঃ আব্দুল্লাহ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে তিনি উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে পাকুরিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
