বাহুবলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৬ মেশিন ধ্বংস

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয় এবং এ কাজে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিতলা এলাকার নদী ও খাল থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে জড়িত খালেক মিয়া ওরফে খালেক মেম্বারের ছেলে রুবেল মিয়া নামের  এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাহুবল মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


শেয়ার করুন