জাতীয় চা পুরস্কার পেল মধুপুর চা বাগান

দেশের সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী চা বাগান হিসেবে জাতীয় চা পুরস্কার ২০২৬ পেয়েছে হবিগঞ্জের মধুপুর চা বাগান। 

শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ চা সংসদের ভাইস চেয়ারম্যান ও কেদারপুর টি কোম্পানির পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির ও সংবাদ সম্পাদক আলতামাশ কবির। 

পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। 

এ বছর ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কার-২০২৬ দেয়া হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হলো- সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী চা বাগান হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘মধুপুর চা বাগান’, একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান মৌলভীবজারের কমলগঞ্জ উপজেলার ‘শ্রী গোবিন্দপুর চা বাগান’, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক ‘দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড’। 

এছাড়া শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের মো. মতিয়ার রহমান, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান হিসেবে পুরস্কার পেয়েছে ‘ইস্পাহানী মির্জাপুর চা বাগান’, বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি হিসেবে পুরস্কার লাভ করেছে ‘কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেড’। 

তাছাড়া দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ‘কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেড’। শ্রমিক সম্পর্কিত পুরস্কার শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক) হিসেবে পুরস্কার পেয়েছেন চট্রগ্রামের ‘নেপচুন চা বাগানের’ জেসমিন আক্তার। 

এছাড়া শ্রেষ্ঠ বটলিফ চা কারখানার পুরস্কার পেয়েছে পঞ্চগড় জেলার ‘সুপ্রিম টি লিমিটেড’। 


শেয়ার করুন