হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত। গত সোমবার গভীর রাতে তিনি ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
