হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ফটকাবাজিসহ হিরন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হিরন মিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচিত।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পশ্চিম দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় হিরন মিয়ার হেফাজত থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং বিপুল পরিমাণ ফটকাবাজি জব্দ করা হয়। পরে তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত ভারতীয় শাড়ি ও ফটকাবাজির উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
