শনিবার (৪ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলায় গুরুতর আহত হন সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চান আবু (৬৫)। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বাবুল মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার মাকে হত্যা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
