ভোগান্তি লাঘব ও নিরাপত্তার দাবি: এক নিরাপদ সেতু নির্মাণ করা হলে স্থানীয়দের জনদুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের যাতায়াতও নিরাপদ হবে। বিশেষ করে বর্ষাকালে শিশু, বৃদ্ধ ও রোগীদের জরুরি চিকিৎসার জন্য যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।
প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য: এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও পুনর্র্নিমাণকাজ শুরু করা হবে।
একই সুর উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের কণ্ঠেও। তিনি বলেন, “আমাদের নিজেদেরও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পেরিয়ে অফিসে আসতে হয়। সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্র্নিমাণ করা প্রয়োজন।”
বিশেষজ্ঞ ও সেতু প্রকৌশলীদের মতে, পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে শূন্যে ঝুলতে থাকা কাঠামো অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে অতিরিক্ত লোড (ভার) পড়া মাত্রই এটি ধসে পড়তে পারে। বড় কোনো বিপর্যয় ঘটার আগেই অনতিবিলম্বে এটিতে সাধারণ যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করে বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করা অথবা দ্রুত পাইলিং দিয়ে টেকসই পুনর্র্নিমাণ কাজ শুরু করা জরুরি। সম্ভাব্য বড় কোনো ক্ষতি বা প্রাণহানি ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।
